প্রশাসনে বড় রদবদলের প্রস্তুতি ও ‘দুঁদে’ পুলিশ অফিসারদের বাংলায় আনার নীল নকশা

কলকাতা ৬ মে, ২০২৬। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার প্রশাসনিক স্তরেও ব্যাপক রদবদলের তোড়জোড় শুরু হয়েছে। নবান্নের ক্ষমতা দখলের পর রাজ্যের পুলিশ ও প্রশাসনিক পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে চলেছে বিজেপি। সূত্রের খবর, সরকার গঠনের পরই একগুচ্ছ বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে নতুন প্রশাসন।

অবসরপ্রাপ্ত ও পুনর্বহাল আধিকারিকদের ছাঁটাই

বিজেপি সূত্রের দাবি, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই রাজ্যে কর্মরত সেই সমস্ত আধিকারিকদের ছেঁটে ফেলা হবে যারা অবসর নেওয়ার পরও চুক্তিতে পুনর্বহাল হয়েছিলেন। বিগত সরকারের আমলে বহু আধিকারিককে অবসরের পর গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছিল। নতুন সরকার প্রথমেই এই ‘রিটায়ার্ড অ্যান্ড রি-অ্যাপয়েন্টেড’ আধিকারিকদের বিদায় করার প্রস্তুতি নিচ্ছে।

ভিনরাজ্যের ক্যাডার ও আইপিএস রদবদল

রাজ্যের পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিতে ভিনরাজ্য থেকে অভিজ্ঞ আইপিএস অফিসারদের ডেপুটেশনে বাংলায় আনার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ ক্যাডারের অজয় পাল শর্মার মতো ‘দুঁদে’ এবং কড়া ধাঁচের অফিসারদের নাম আলোচনায় উঠে আসছে। পাশাপাশি, রাজ্যের বর্তমান একগুচ্ছ আইপিএস অফিসারকে ভিনরাজ্যের ক্যাডারে বদলি বা সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রক থেকে বাঙালি অফিসারদের প্রত্যাবর্তনের সম্ভাবনা

প্রশাসনিক কাজে গতি আনতে এবং অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রকগুলোতে কর্মরত উচ্চপদস্থ বাঙালি অফিসারদের ফিরিয়ে আনার ভাবনা রয়েছে নতুন সরকারের। রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে সচিব পর্যায়ের পদে এই অফিসারদের নিয়োগ করা হতে পারে। মূলত দিল্লি ও বাংলার প্রশাসনিক সমন্বয় উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রশাসনিক মহলের মতে, এই ধরণের বড়সড় রদবদল আসলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক শৃঙ্খলার ওপর নতুন সরকারের নিয়ন্ত্রণ কায়েম করারই একটি কৌশল। রাজনৈতিক পালাবদলের পর এই আমলাতান্ত্রিক পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *