মামলার পাহাড় সামাল দিতে সুপ্রিম কোর্টে আরও চার বিচারপতি এবং বড় বিলে ছাড়পত্র দিল মোদী মন্ত্রিসভা

সুপ্রিম কোর্টের ওপর থাকা বিপুল মামলার চাপ কমাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার লক্ষ্যে একটি নতুন সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে।
বর্তমানে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩। মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারবিভাগীয় কাজের গতি বাড়াতে এই সংখ্যা আরও চার বৃদ্ধির প্রয়োজন অনুভব করছে কেন্দ্র। সেই লক্ষ্যেই শীঘ্রই সংসদে ‘সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬’ পেশ করা হবে।
মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে দীর্ঘ প্রতীক্ষিত মামলাগুলোর সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। ক্রমবর্ধমান মামলার চাপ সামাল দিতে বিচারপতির সংখ্যা বৃদ্ধি ছিল সময়ের দাবি। বিলটি সংসদে পাশ হওয়ার পর নতুন বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং বিচার ব্যবস্থার দক্ষতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।