‘ঘাড় ধরে দাবিয়ে দেব!’ নাম না করে মন্ত্রী অশোক কীর্তনীয়া ও পুলিশকে চরম হুঁশিয়ারি শান্তনুর

পেট্রাপোল বন্দরে শ্রমিকদের গোষ্ঠীদ্বন্দ্ব ও পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার রাজনীতি। ইন্টারনেট সমস্যার কারণে বৃহস্পতিবার পুনরায় বন্দর সচল হতে বাধা পায়। এই আবহে বনগাঁর মতিগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত শ্রমিক সংগঠনের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নাম না করে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াকে নিশানা করে তিনি স্পষ্ট জানান, বনগাঁর মাটিতে পুনরায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইলে যত বড় নেতাই হোক, ঘাড় ধরে দাবিয়ে দেওয়া হবে। পাশাপাশি মারধরে অভিযুক্ত তৃণমূল আশ্রিতদের গ্রেফতার না করায় স্থানীয় পুলিশ প্রশাসনকে কালীপুজোর পর দেখে নেওয়ারও হুমকি দেন তিনি।

উক্ত মঞ্চ থেকে হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলও পেট্রাপোল থানার পুলিশের বিরুদ্ধে তৃণমূলকে মদত দেওয়ার অভিযোগ তোলেন। একই সাথে মতুয়া সম্প্রদায়ের ভুয়ো ধর্মগুরুদের থেকে সতর্ক থাকার বার্তা দেন ভক্তদের। উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে রাজনীতিতে জোর চর্চা শুরু হলেও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *