দীপাবলি কাটবে জেলেই! অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিন খারিজ হাই কোর্টে

শালবনিতে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। দীপাবলির আগে স্বস্তি পেতে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হলেও শুক্রবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ তাঁর আবেদন মঞ্জুর করেনি। সুমিতের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, পাঁচ বছরের পুরনো এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জামিনের বিরোধিতা করে জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযুক্ত জামিন পেলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত সাফ জানিয়ে দেয়, ছুটির দিনগুলিতে অবকাশকালীন বেঞ্চ এই মামলার শুনানি করবে না। আগামী ১২ নভেম্বর পুজোর ছুটি শেষে হাই কোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর ফলে আলোর উৎসবে জেলেই কাটতে চলেছে সুমিত রায়ের দিনগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *