ছত্তীসগঢ়ে উদ্ধার বিপুল অস্ত্র! মাওবাদীদের লুকোনো ৭০০-র বেশি শেল দেখে স্তম্ভিত সকলে!
November 6, 2026
ছত্তীসগঢ়ের বিজাপুরে কারেগুট্টা পাহাড়ের জঙ্গল থেকে মাটির নীচ থেকে ৭১১টি ব্যারেল গ্রেনেড লঞ্চার শেল উদ্ধার করেছে সিআরপিএফ ও ‘কোবরা’ বাহিনী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারাপাল্লা গ্রামের কাছে যৌথ তল্লাশি চালিয়ে এই অস্ত্রভান্ডারের হদিস মেলে। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, বড় ধরনের হামলা চালানোর উদ্দেশ্যেই মাওবাদীরা এই বিপুল বিস্ফোরক লুকিয়ে রেখেছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার আশপাশে গ্রামবাসীদের যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর এই মাওবাদীদের গড়ে ২১ দিন ধরে চলা দীর্ঘ অভিযানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক এই অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।