কসবায় পরিত্যক্ত দামি গাড়ি থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে লালবাজার
দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙা মেন রোডে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত দামি গাড়ির ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গাড়িটি থেকে চরম দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা কসবা থানায় খবর দেন। পুলিশ এসে গাড়িটির সামনের আসন থেকে দেহটি উদ্ধার করে। চারচাকার গাড়িটির কাচ বন্ধ থাকলেও দরজার লক খোলা অবস্থায় পাওয়া যায়, যা মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে।
ঘটনার গুরত্ব বিবেচনা করে কসবা থানার পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কীভাবে ওই ব্যক্তি গাড়ির ভিতরে প্রবেশ করলেন কিংবা এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্তকারীরা এখনও নিশ্চিত নন। মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাড়িটির মালিকানা চিহ্নিত করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় উদ্ধারে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।