চোরবাগানে পদপিষ্ট হয়ে গুরুতর জখম আদৃজা, চিকিৎসার খরচ না মেলায় বিস্ফোরক পরিবার!
বার্তা ডেস্কঃ
দুর্ঘটনায় আহত আদৃজার চিকিৎসার খরচ মেলেনি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ভিড়ের চাপে গুরুতর আহত হয়েও সরকারি সহায়তার প্রতিশ্রুতি না মেলায় ক্ষোভ প্রকাশ করলেন আদৃজা দত্ত ও তাঁর পরিবার। বর্তমানে শারীরিক যন্ত্রণায় দিন কাটছে তাঁর।
জানা গেছে, ঘটনার সময় ভিড়ের মধ্যে এক কিশোর তাঁর শরীরের ওপর পড়ে গেলে আদৃজার দম বন্ধ হওয়ার উপক্রম হয়। কোমরে ও পায়ে গুরুতর আঘাত পান তিনি। কোনোমতে প্রাণে বাঁচলেও দীর্ঘ সময় তিনি হাঁটতে পারেননি। ঘটনার পর তাঁকে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও আদৃজার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি।
আদৃজার বাবা অভিজিৎ দত্ত জানান, এখনো বসলে উঠতে গেলেই তাঁর শিরদাঁড়ায় তীব্র টান ধরছে। মেয়ের এমন করুণ অবস্থার পরেও প্রশাসনের উদাসীনতায় তাঁরা হতাশ। অভিজিৎবাবু অভিযোগ করেন, ঘটনার পর আলিপুর থানা থেকে মাত্র একদিন খোঁজ নেওয়া হয়েছিল। এরপর আর পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।
পরিবারের দাবি, দুর্ঘটনার পর সরকার চিকিৎসার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। যদিও প্রশাসনিক গাফিলতির মধ্যেই মহেশতলা পুরসভার সিআইসি সদস্য তাপস হালদার কয়েক দফায় তাঁদের বাড়িতে গিয়ে আদৃজার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে ক্ষোভ বাড়ছে।