বদলে গেল বড়মার ট্যাগলাইন, নতুন স্লোগানে সরগরম মন্দির!
বার্তা ডেস্কঃ
নৈহাটির বড়মার নতুন ট্যাগলাইন ঘিরে বিতর্ক ও জনমত
নৈহাটি: রাজ্যের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক নৈহাটির বড়মার পুজোয় নতুন ট্যাগলাইন যুক্ত হওয়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ১০৩ বছরে পদার্পণ করতে চলা এই মন্দিরের আগের ট্যাগলাইন ‘ধর্ম যার যার, উৎসব সবার’-এর পরিবর্তে বর্তমানে ‘বড়মায় ভক্তি, সনাতনের শক্তি’ ট্যাগলাইন ব্যবহার করা হচ্ছে।
এই পরিবর্তনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দানা বেঁধেছে। একাংশ ভক্তের দাবি, আগের ট্যাগলাইনটি অধিকতর গ্রহণযোগ্য ছিল। অনেকে পুরনো ট্যাগলাইন ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন। তবে মন্দির কর্তৃপক্ষের দাবি, ভক্তদের একাংশের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বড়মা কমিটির এতে কোনো আপত্তি নেই।
এই পরিবর্তনের সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র থাকার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নৈহাটিবাসী দীর্ঘদিন ধরেই সনাতনীদের ট্যাগলাইনের দাবি জানিয়ে আসছিলেন। মন্দির কমিটির কাছে সেই আবেদন আসার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ট্যাগলাইনটি সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করবেন বলে তারা আশাবাদী। উল্লেখ্য, অতীতে ভিআইপি কালচার বা পুজো সংক্রান্ত অব্যবস্থাপনা নিয়ে মন্দিরটি বিভিন্ন সময় বিতর্কের মুখে পড়লেও, বর্তমান পরিস্থিতিতে সেরকম কোনো অভিযোগ ওঠেনি। স্থানীয়দের অনেকের মতে, ট্যাগলাইন যা-ই হোক, বড়মার নামই ভক্তদের কাছে শেষ কথা, তাই এই বিষয়টিকে ঘিরে বাড়তি বিতর্কের প্রয়োজন নেই।