ডিভোর্স জল্পনার অবসান, হাত ধরে দিওয়ালি পার্টিতে অভিষেক-ঐশ্বর্য!
বার্তা ডেস্কঃ
এক ফ্রেমে অভিষেক-ঐশ্বর্য: মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে নজর কাড়লেন বচ্চন দম্পতি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে একসঙ্গে ধরা দিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। বৃহস্পতিবার রাতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বচ্চন দম্পতির রসায়ন ছিল রাতের অন্যতম প্রধান আকর্ষণ।
গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক ও ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে ডিজাইনার মণীশ মালহোত্রার বাসভবনে আয়োজিত উৎসবে তাঁরা সব জল্পনার জবাব দিলেন একযোগে। রেড কার্পেটে উপস্থিত হয়ে আলোকচিত্রীদের বারবার অনুরোধ সত্ত্বেও তাঁরা আলাদা পোজ না দিয়ে বরং একসঙ্গেই ফ্রেমবন্দি হন। ফটোসেশনের পুরো সময়জুড়ে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একপর্যায়ে ঐশ্বর্যকে স্বামীর কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
অনুষ্ঠানে তাঁদের সাজসজ্জাও ছিল নজরকাড়া। ঐশ্বর্যকে দেখা গেছে চওড়া সোনালি পাড়ের উজ্জ্বল লাল শাড়িতে, যার সঙ্গে মানানসই ছিল ঐতিহ্যবাহী সোনার গয়না। অন্যদিকে, অভিষেক পরেছিলেন কালো রঙের এমব্রয়ডারি করা শেরওয়ানি ও ট্রাউজার। স্বামী-স্ত্রীর এই যুগলবন্দি দেখে স্বস্তি প্রকাশ করেছেন তাঁদের ভক্তরা। নেটিজেনদের একাংশ এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন, “দ্য আইটি কাপল ইজ ব্যাক।”
উল্লেখ্য, ৫ নভেম্বর আয়োজিত এই পার্টিতে বচ্চন দম্পতি ছাড়াও উপস্থিত ছিলেন সইফ আলি খান, করিনা কাপুর খান, অক্ষয় কুমার এবং মাধুরী দীক্ষিতের মতো বলিউডের শীর্ষ তারকারা। তারকাময় এই অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিতি থাকলেও, সব আলো কেড়ে নিয়েছেন অভিষেক ও ঐশ্বর্যই। তাঁদের এই একজোট হওয়ার দৃশ্য দীর্ঘদিনের বিচ্ছেদ সংক্রান্ত জল্পনা-কল্পনায় ইতি টানল বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।