সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল! বিস্ফোরক মদন মিত্রের মন্তব্যে তোলপাড় রাজ্য।

 

সিঙ্গুর আন্দোলন ‘ঐতিহাসিক ভুল’ ছিল, বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিনের চর্চিত এই আন্দোলনকে তিনি ‘একটি বড় ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সিঙ্গুরে শিল্পায়ন প্রয়োজন এবং অশোক লেল্যান্ডের মতো সংস্থার কারখানা সেখানে হলে তা রাজ্যের জন্য মঙ্গলজনক হবে।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র সরাসরি সমালোচনা করেন তৎকালীন সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটকে। তাঁর মতে, ‘ভাতা বা খয়রাতি দিয়ে সরকার চলতে পারে না, সরকারের প্রয়োজন রাজস্ব এবং বিনিয়োগ।’ তৃণমূলের বর্ষীয়ান এই নেতার দাবি, বামপন্থী ও আল্ট্রা-বামপন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়েছিলেন। তিনি বলেন, “সিঙ্গুর আন্দোলন নিম্ন-মধ্যবিত্ত বা কৃষকদের স্বপক্ষে কোনো প্রগতিশীল আন্দোলন ছিল না, বরং এই আন্দোলন রাজ্যের অপূরণীয় ক্ষতি করেছে।”

মদন মিত্রের কথায়, “এই ভুলটি আমাদের স্বীকার করা উচিত। কারণ, ভুল স্বীকার করাই প্রকৃত রাজনৈতিক চরিত্রের পরিচয়।” তাঁর মতে, ‘গান্ধারির মতো চোখ বেঁধে’ বিরোধিতা করা রাজনীতির কাজ নয়। উন্নয়নের জন্য শিল্পায়ন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা হলে তা বাংলার অগ্রগতির পথ প্রশস্ত করবে। তিনি আরও যোগ করেন, “টাকার বিনিময়ে চাকরি নয়, যোগ্যদের কর্মসংস্থান হোক—এমনটা হলে নতুন করে তৃণমূল কর্মীরা ভাববে।”

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার হুগলির সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করে। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কৃষিজমি রক্ষা আন্দোলন তীব্র আকার ধারণ করে। পরিস্থিতির চাপে ২০০৮ সালের অক্টোবর মাসে রতন টাটা সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার ঘোষণা করেন। দীর্ঘ সময় পর সেই ইস্যুতেই তৃণমূলের অন্দরে মদন মিত্রের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *