অভিষেকের বাড়ির সামনে তুলকালাম, জন্মদিনের রাতেই রণক্ষেত্র এলাকা!

 

অভিষেকের জন্মদিনে কালীঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি

কলকাতা, ৭ নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত দুটো নাগাদ অভিষেকের জন্মদিন পালন করতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় একদল বিজেপি কর্মী সেখানে এসে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট-আউট, ছবি ও ব্যানার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি বেধে যায়, যাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বাড়ির নিচে নেমে আসেন। সেই সময় বিজেপি কর্মীরা পুনরায় সেখানে উপস্থিত হয়ে ‘গরু চোর’ ও ‘মাছ চোর’ স্লোগান দিতে থাকেন। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি স্লোগান-পাল্টা স্লোগান দিতে শুরু করেন। বিজেপির কর্মীরা শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং র‍্যাফ (RAF) নামানো হয়। দীর্ঘক্ষণ তৃণমূল কর্মীদের সঙ্গে বাড়ির নিচে অবস্থান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাঁকে বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ জানালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বাদানুবাদও হয়।

অন্যদিকে, বিজেপি কর্মীদের দাবি, তাঁরা কালীপুজোর ঠাকুর নিয়ে ফেরার সময় তৃণমূল সমর্থকরা তাঁদের উত্যক্ত করেন। সেই থেকেই ঘটনার সূত্রপাত। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে এবং এই ঘটনায় উভয় দলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। রাতভর উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহলদারি জারি রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *