নেহরুর ভুলে হাতছাড়া নোয়াখালী-সিলেট-চট্টগ্রাম? শুধু PoK নয়, বাংলাদেশের ৩ এলাকা উদ্ধারের দাবি বিজেপি সাংসদের
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরও ভারতের অন্তর্ভুক্ত করার দাবি তুলে রাজনৈতিক শোরগোল ফেলে দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দেশভাগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ক্ষমতার লোভে ও কৌশলগত ভুলে তৎকালীন টিপরা (ত্রিপুরা) রাজ্যের অংশ থাকা এই তিন গুরুত্বপূর্ণ অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর হাতছাড়া হওয়ার কারণেই আজ পুরো উত্তর-পূর্ব ভারত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে এবং ভৌগোলিক বিচ্ছিন্নতার শিকার হয়েছে বলে মনে করেন তিনি।
বিজেপি সাংসদের এই বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে জাতীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। তাঁর এই সুরেই সুর মিলিয়ে ত্রিপুরার রাজপরিবারের প্রধান প্রদ্যোত মাণিক্যও সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, তৎকালীন কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক ভুলের মাশুল আজ পুরো দেশকে গুনতে হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সরাসরি সংযোগ থাকলে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে ভৌগোলিক বাধা অনেকটাই দূর হতো বলে দাবি করেন তিনি।