কালীপুজোয় মেট্রো চলাচলে বড় বদল, যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হচ্ছে পরিষেবা
কালীপুজোর দিন শহরবাসীদের যাতায়াত সুগম করতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। উৎসবের দিনে সকাল থেকেই কালীঘাট ও দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে ব্লু লাইনে ১৫২টি এবং গ্রিন লাইনে ১২৩টি পরিষেবা চালানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে রবিবারের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও একাধিক বদল আনা হয়েছে। বিশেষ করে নোয়াপাড়া, শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ১ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে এবং রাতের শেষ পরিষেবাও স্বাভাবিকের থেকে কিছুটা দেরিতে পাওয়া যাবে।
অন্যদিকে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও বাড়তি ট্রিপের পাশাপাশি সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো মিলবে। এছাড়া ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) বিশেষ সময়সূচি পরিবর্তন ছাড়াই প্রতিদিনের মতো ৭৮টি পরিষেবা সচল থাকবে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে যথারীতি অন্য রবিবারের মতোই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মেট্রো সূত্রের খবর।