ভাগ্নের বিয়েতে এসে গুলিতে ঝাঁঝরা প্রাক্তন টেক মাহিন্দ্রা কর্তা, পার্কিং বিবাদেই কি প্রাণ গেল?
ফরিদাবাদে প্রতিবেশীর গুলিতে নিহত টেক মাহিন্দ্রার প্রাক্তন কর্তা
হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ২১সি-তে পোষ্য কুকুরের মলত্যাগ ও পার্কিং নিয়ে বিবাদের জেরে খুন হলেন টেক মাহিন্দ্রার প্রাক্তন আঞ্চলিক প্রধান পরমজিৎ ধনখড়। শুক্রবার রাতে প্রতিবেশী মোহন শর্মার সঙ্গে বচসার সময় অভিযুক্ত নিজের লাইসেন্সধারী পিস্তল থেকে এলোপাথাড়ি ১৫ রাউন্ড গুলি চালান। এর মধ্যে ৯টি গুলি পরমজিতের শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহন শর্মা পলাতক।
নিহত পরমজিৎ বর্তমানে ভিয়েতনামের একটি সংস্থায় কর্মরত ছিলেন এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি দেশে ফিরেছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজ উদ্ধার করেছে এবং নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে। ঘাতক প্রতিবেশী মোহন শর্মার খোঁজে পুলিশের একাধিক দল তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।