প্রেমিকের একাধিক নারীসঙ্গই কাল, সম্পর্কের টানাপোড়েনে কল্যাণীর তরুণীর মর্মান্তিক পরিণতি!
নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত যোগেন্দ্রনাথ কলোনি এলাকায় এক ২০ বছর বয়সী তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে সুপ্রিয়া সরকার নামে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
পরকীয়ায় আসক্তি ও অশান্তি
মৃতার পরিবারের দাবি, কল্যাণী হাউজিং কলোনির বাসিন্দা সৌমজিৎ দাস নামে এক যুবকের সঙ্গে সুপ্রিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সৌমজিৎ পরিবেশ বিদ্যালয়ের ছাত্র। অভিযোগ উঠেছে, সুপ্রিয়ার সাথে সম্পর্কে থাকা সত্ত্বেও সৌমজিৎ একাধিক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করত। এই বিষয়টিকে কেন্দ্র করেই গত কয়েক মাস ধরে যুগলের মধ্যে চরম অশান্তি চলছিল। সুপ্রিয়া বারবার বাধা দিলেও সৌমজিৎ কর্ণপাত করেননি, আবার সুপ্রিয়াও মানসিকভাবে জড়িয়ে পড়ায় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেননি।
পরিবারের দাবি ও এলাকায় উত্তেজনা
বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঘুমাতে গিয়েছিলেন সুপ্রিয়া। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্ত সৌমজিতের বাবা-মাকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।