কল্যাণী হাইওয়ের কাছে ৪২০ কোটির মেগা টাউনশিপ, স্বপ্নপূরণের পথে সম্পূর্ণা ইমাজিন!
কল্যাণী হাইওয়ের কাছে ৪২০ কোটি টাকার আধুনিক টাউনশিপ গড়ছে ‘সম্পূর্ণা ইমাজিন’
নিজস্ব প্রতিবেদক: কল্যাণী হাইওয়ের নিকটবর্তী এলাকায় প্রায় ২০০ বিঘা জমির ওপর একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টাউনশিপ তৈরির ঘোষণা করল রিয়েল এস্টেট সংস্থা ‘সম্পূর্ণা ইমাজিন’। প্রায় ৪২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই ‘ড্রিম প্রজেক্ট’ বা ‘সম্পূর্ণা আবাসন’ প্রকল্পের বিশদ তথ্য তুলে ধরতে সংস্থার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘সম্পূর্ণা ইমাজিন’-এর বিশিষ্ট আধিকারিকরা। সংস্থার রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট প্রধান বিভাস আচার্য্য জানান, মানুষের আজীবনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা স্বপ্নের আবাসনের পূর্ণ মর্যাদা দেওয়া এবং তা বাস্তবায়িত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র জমি বা ফ্ল্যাট কেনাবেচা নয়, বরং একটি নিরাপদ পরিবেশ, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা এবং উচ্চ গুণগত মান নিশ্চিত করে গ্রাহকদের স্বপ্নপূরণ করা।”
প্রকল্পটির কৌশলগত অবস্থানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত এই টাউনশিপের অদূরেই রয়েছে এইমস (AIIMS)-এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল। এছাড়া, সরকারি পরিকল্পনায় ওই এলাকায় একটি বিমানবন্দর তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করেই এই অঞ্চলটি নির্বাচন করা হয়েছে।
প্রকল্পটিকে ঘিরে সংস্থাটির উচ্চাশা রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সফলভাবে রূপায়ণের জন্য ‘সম্পূর্ণা ইমাজিন’ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।