সরকারি তথ্য হাতিয়ে নেওয়ার ছক কষছে হ্যাকাররা, সতর্ক থাকুন সবাই!
সাইবার ঝুঁকি এড়াতে রাজ্যের সব সরকারি দফতরকে সতর্কবার্তা
সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় রাজ্যের সব সরকারি দফতরকে জরুরি সতর্কবার্তা পাঠাল ‘ওয়েস্ট বেঙ্গল নেক্সট জেনারেশন সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার’। সরকারি ওয়েবসাইটের পিএইচপি কোডে থাকা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা তথ্য হাতিয়ে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঝুঁকি এড়াতে সব দফতরকে পিএইচপি-র সংস্করণ যাচাই, নিয়মিত সিকিউরিটি প্যাচ আপডেট এবং ফাইল আপলোড ব্যবস্থায় কঠোর নজরদারিসহ ৫ দফা নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে সরকারি ওয়েবসাইট অচল হয়ে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই সতর্কবার্তা জারি করা হলো। কেন্দ্রীয় ন্যাশনাল হেলথ অথরিটির পক্ষ থেকেও সাইবার নিরাপত্তার বিষয়ে রাজ্যকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য ভবনের এক কর্তা জানিয়েছেন, নিরাপত্তা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি তথ্য বর্তমানে সুরক্ষিত রয়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করেছে প্রশাসন।