তৃণমূলকে নিয়ে মিছিল করলে মৃত্যু অনিবার্য! বিস্ফোরক বাম নেতা
তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ আরএসপি-র, সিপিএমের ভূমিকা নিয়ে ক্ষোভ
মালদহ: রাজ্যে বিজেপির উত্থানের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমের ক্রমবর্ধমান সখ্যতার জল্পনায় তীব্র আপত্তি জানাল শরিক দল আরএসপি। তৃণমূলের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা যৌথ কর্মসূচির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন মালদহ জেলা আরএসপি সম্পাদক সর্বানন্দ পান্ডে।
মঙ্গলবার মালদহে এক সাংবাদিক বৈঠকে সর্বানন্দ পান্ডে স্পষ্ট ভাষায় বলেন, “গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস আমাদের ওপর যে অত্যাচার চালিয়েছে, পার্টি অফিস দখল করেছে এবং কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তার পর তাদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না।” তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে মিছিল করার চেয়ে মৃত্যুবরণ করা শ্রেয় বলে মন্তব্য করে তিনি বলেন, “তৃণমূলের সঙ্গে একজোট হওয়া আমার কাছে বিষপানের সমান, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারব না।”
একইসঙ্গে বামফ্রন্টের অভ্যন্তরীণ ঐক্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রবীণ নেতা। তাঁর অভিযোগ, বামফ্রন্টের চারটি দলকে নিয়ে যে ঐক্যের প্রয়োজন, সিপিএমের অনীহার কারণে তা সবসময় বাস্তবায়িত হচ্ছে না। মালদহে বর্তমানে বাম দলগুলোর সাংগঠনিক দুর্বলতা এবং বহু সিপিএম কার্যালয় তালাবন্ধ হয়ে থাকার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে এসেছে।
উল্লেখ্য, রাজ্যে তৃণমূল ও সিপিএমের সাম্প্রতিক কৌশলগত নৈকট্য নিয়ে রাজনৈতিক মহলে নানা চর্চা চলছে। এই পরিস্থিতিতে বাম শরিক আরএসপি-র এই অবস্থান ও সিপিএমের বিরুদ্ধে তোলা অভিযোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।