কপালে হিরের টিপ, গায়ে ১১০ কেজি গয়না! নৈহাটির বড়মাকে দেখতে জনসমুদ্র!
নৈহাটির বড়মায় উপচে পড়া ভিড়, সোনা-রুপোর সাজে নজর কাড়ছেন দেবী
নৈহাটি: কালীপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নৈহাটির ঐতিহ্যবাহী ‘বড়মা’র দর্শনে উপচে পড়ছে ভক্তদের ভিড়। ১০৩ বছরের প্রাচীন এই পুজোয় দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে মন্দির চত্বর মুখরিত হয়ে উঠেছে।
এবারের পুজোয় দেবীকে সাজিয়ে তোলা হয়েছে প্রায় ১ কুইন্টাল ১০ কেজি সোনা ও রুপোর অলঙ্কারে। বড়মার পরনে থাকা রুপোর চাঁদমালা এবং কপালে থাকা হিরের টিপ এবার বিশেষ আকর্ষণ তৈরি করেছে। পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানান, ভক্তদের দেওয়া সোনা ও রুপোর অলঙ্কারের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। তবে গয়নার সামগ্রিক ওজনের তথ্য দিলেও সোনা ও রুপোর পৃথক পরিমাণের বিষয়ে তিনি কিছু খোলসা করেননি।
বড়মার চোখ নিয়ে একটি বিশেষ ধর্মীয় নিয়ম প্রচলিত রয়েছে। প্রথা অনুযায়ী, বিসর্জনের সময় দেবীর চোখ খোলা হয় না; প্রতিমার সঙ্গেই তা বিসর্জন দেওয়া হয়। এবারও সেই নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না বলে কমিটি নিশ্চিত করেছে।
বিপুল পরিমাণ গয়নার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মন্দির চত্বরে শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী ও স্বেচ্ছাসেবক। ভিড় সামলাতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
স্থানীয় গণ্ডি পেরিয়ে গত কয়েক বছরে বড়মার পুজো রাজ্যজুড়ে খ্যাতি পেয়েছে। কালীপুজোর সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নেমেছে, যা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছে পুজো কমিটি।