কেতুগ্রামের কালীপুজোয় প্রায় সাতশো বছরের পরম্পরা, প্রতিমার উচ্চতা প্রায় ২১ ফুট

প্রায় সাতশো বছরের প্রাচীন ঐতিহ্য ও লোকবিশ্বাসের মেলবন্ধনে আজও অটুট কেতুগ্রামের এক বিশেষ কালীপুজোর পরম্পরা। কথিত আছে, বহুলা পীঠ থেকে আগত সাধক ভৃগুরাম এই এলাকায় এসে শ্মশানে আস্তানা গেড়েছিলেন। সেই সময় তিনি রোজ কালীমূর্তি তৈরি করে পুজো ও বিসর্জন করতেন। পরবর্তীকালে স্বপ্নাদেশে মায়ের বড় মূর্তি তৈরির নির্দেশের পর থেকেই সেই প্রথা চলে আসছে। বর্তমানে প্রায় ২১ ফুট উচ্চতার কালীমূর্তিতে পুজো অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে এই পুজোর দায়িত্ব পালন করে আসছেন সাধক ভৃগুরামের উত্তরসূরিরা। বর্তমানে ভট্টাচার্য পরিবারের তত্ত্বাবধানেই বংশপরম্পরায় পালিত হচ্ছে পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান। পরিবারের সদস্য অনুপ কুমার ভট্টাচার্য জানান, প্রাচীন রীতি মেনে এখনও এই পুজোয় বলিদান প্রথা চালু রয়েছে।

প্রতি বছর পুজোর দিনগুলোতে গ্রামজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার বিষয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং গ্রামবাসীর সহযোগিতার কথা উল্লেখ করে ভট্টাচার্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিসর্জনের দিনও দর্শনার্থীদের ভিড় সামাল দিতে এবং যাবতীয় নিয়ম মেনে অনুষ্ঠান সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। লোকবিশ্বাস ও ঐতিহ্যের টানেই প্রতি বছর ভক্তদের ঢল নামে এই গ্রামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *