মালদা ও মুর্শিদাবাদে নদী ভাঙন রোধে ৩,৩০০ কোটির প্রকল্প, কাজ শুরুর অপেক্ষায় এলাকাবাসী
মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙন রোধে ৩,৩০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষের জন্য কেন্দ্র ৫০০ কোটি টাকা অনুমোদন করেছে। গঙ্গা ও ফুলহর নদীর ভাঙন ঠেকাতে আইআইটি কানপুর ও আইআইটি রুরকিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এবং রাজ্যের মুখ্যসচিব এলাকা পরিদর্শন করেছেন।
প্রকল্পের কাজ শুরু নিয়ে মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, ঝাড়খণ্ডের কাছ থেকে এনওসি পাওয়ার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তবে দ্রুত অনুমোদন পাওয়া যাবে এবং শুখা মরশুমেই স্থায়ী কাজ শুরু হবে। জেলা সেচ দপ্তরের আধিকারিকদের মতে, রাজ্যের সবুজ সংকেত মিললেই কাজ শুরু হবে। জগদ্ধাত্রী পুজোর পর এ বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, গঙ্গা ও ফুলহরের আগ্রাসনে মালদার প্রায় আড়াইশো বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ২০০৪ সালের পর থেকে ৬৭টি মৌজা মানচিত্র থেকে মুছে গিয়েছে। নদী দুটির দূরত্ব আশির দশকের তুলনায় বর্তমানে অনেক কমে এসেছে। দুই নদী মিশে গেলে মালদা শহরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়তে পারে ফরাক্কা ব্যারেজ ও কলকাতার পানীয় জলের সরবরাহের ওপরও।
নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণের অপেক্ষায় রয়েছেন। নদী ড্রেজিং করে পুরনো খাত ফিরিয়ে আনার যে বড় প্রকল্প নেওয়া হয়েছে, তা সফল হলে দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে বলে স্থানীয়রা মনে করছেন। ছটপুজো বা জগদ্ধাত্রী পুজোর পর প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপের আশায় প্রহর গুনছেন নদীপারের হাজার হাজার মানুষ।