কালীপুজোর বিসর্জনে বিশেষ প্রস্তুতি কলকাতা পুরনিগমের, প্রস্তুত শহরের ৩৩টি ঘাট
কালীপুজোর বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরনিগম। শহরের ৩৩টি ঘাটকে বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে হুগলি নদীর তীরের ২১টি প্রধান ঘাট, আদি গঙ্গার ৩টি ঘাট এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের ৯টি বড় পুকুর অন্তর্ভুক্ত রয়েছে। বাগবাজার, কুমোরটুলি, মায়ের ঘাট ও জাজেস ঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিসর্জনের যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।
গঙ্গাকে দূষণমুক্ত রাখতে এবারও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিসর্জনের পরপরই ভারী ক্রেন ও জেসিবির সাহায্যে জল থেকে প্রতিমার কাঠামো তুলে ফেলা হবে। এরপর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ড্যাম্পারে করে সেই কাঠামো সরাসরি ধাপা ল্যান্ডফিল গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া ঘাটে ফুল ও পুজোর সামগ্রী ফেলার জন্য আলাদা ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে।
বিসর্জনের সময় ভিড় সামলাতে ঘাট চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক পুজো কমিটির সদস্যদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিটি ঘাটের দায়িত্বে থাকছেন পুরনিগমের একজন উচ্চপদস্থ আধিকারিক। পাশাপাশি সাফাই, আলোক ও জরুরি চিকিৎসাসেবার জন্য ২৪ ঘণ্টা কর্মীরা মোতায়েন থাকবেন। প্রতিটি ঘাটে অ্যাম্বুল্যান্স, ফার্স্ট এইড এবং বায়ো-টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।