শেখ হাসিনার অবস্থান ও প্রত্যর্পণ নিয়ে মুখ খুলল ভারত

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর ভ্রমণ নথি সংক্রান্ত বিষয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য বৈধ ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট থাকা একটি কারিগরি বিষয়। হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর নথিপত্র নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছে নয়াদিল্লি।

২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক চাপ বজায় রেখেছে। ঢাকা একাধিকবার দু’দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির দোহাই দিয়ে তাঁকে হস্তান্তরের আর্জি জানিয়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করেছেন যে, প্রত্যর্পণের বিষয়টি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে এবং এতে একাধিক আইনি জটিলতা জড়িয়ে আছে।

ভারত সমস্ত আইনি ও বিচারিক দিক খতিয়ে দেখেই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে জ্বালানি সহযোগিতা ও নদী সংক্রান্ত আলোচনা-সহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে স্বাভাবিক যোগাযোগ অব্যাহত রয়েছে। হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত কোনো তাড়াহুড়ো না করে আইনি কাঠামোর ভেতরে থেকেই এগোতে চায় বলে কূটনৈতিক মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *