জঙ্গলমহলে বাঁদনা পরব: গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পালিত হলো অভিনব ‘গরুর বিয়ে’

কার্তিক অমাবস্যার রাতে কালীপুজোর আবহে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কুড়মি, ভূমিজ, লোধা ও মাহাতো সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন ‘বাঁদনা পরব’ উৎসবে। আমন ধান ঘরে তোলার মরসুমে কৃষকের প্রধান সহায় গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ লোকউৎসব পালিত হয়। কালীপুজোর রাত থেকে ভাইফোঁটা পর্যন্ত চলা এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো ধুমধাম করে আয়োজিত ‘গরুর বিয়ে’।

উৎসবের দিন ভোরে গৃহপালিত পশুদের নদী বা পুকুরে স্নান করিয়ে শিংয়ে সর্ষের তেল মাখানো হয়। এরপর সিঁদুর ও আলতার ছাপ, গলায় মালা এবং পায়ে নুপুর পরিয়ে তাদের সাজিয়ে তোলা হয়। বাড়ির উঠোন থেকে গোয়ালঘর পর্যন্ত চালের গুঁড়ো বা পিটুলি দিয়ে আঁকা হয় আলপনা। এরপর গবাদি পশুর সুস্বাস্থ্য ও সংসারের মঙ্গলের কামনায় নিষ্ঠাভরে অনুষ্ঠিত হয় ‘গরয়া পুজো’।

পিঁড়িতে বসিয়ে জামাইয়ের মতো সসম্মানে পশুদের বরণ করেন বাড়ির মহিলারা। কাঁসার থালায় প্রদীপ, ধান ও দুর্বা নিয়ে চলে ‘গরু চুমানো’র রীতি। এই সময় জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ‘অহীরা’ গানের সুর ও মাদলের ছন্দে পুরো গ্রাম মুখরিত হয়ে ওঠে। গানের ছন্দে ফুটে ওঠে বিয়ের আসরের আমেজ। ভাইফোঁটার দিন ‘গরু খুঁটা’ উৎসবের মাধ্যমে সমাপ্তি ঘটে এই সুপ্রাচীন ও অনন্য লোকসংস্কৃতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *