স্ত্রীর বিরুদ্ধে ৯ বার বিয়ের অভিযোগ, রাজনৈতিক নেতার মামলা খারিজ করল হাইকোর্ট

কর্নাটকের হোসাপেটের এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী। এই অভিযোগের ভিত্তিতে উদুপি আদালতে ওই নেতার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। সেই আইনি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত নেতা। আদালতে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী ২০০৪ সাল থেকে একের পর এক বিয়ে করে চলেছেন এবং মোট ৯ বার বিয়ে করেছেন। ওই নেতা নিজেকে মহিলার সপ্তম স্বামী হিসেবে দাবি করেন।

আদালতে ওই নেতা আরও অভিযোগ করেন যে, বিয়ের পর স্বামীর সঙ্গে ঝগড়া করা, হেনস্থা করা এবং পরবর্তী সময়ে টাকার বিনিময়ে সমঝোতা করাই তাঁর স্ত্রীর অভ্যাস। নিজের দাবির সপক্ষে তিনি বেশ কিছু নথিও জমা দেন। তবে ওই মহিলা স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ৯ বার নয়, মাত্র চারবার বিয়ে করেছেন। আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বা ইসলামিক রীতি অনুযায়ী ‘খুলা’ সম্পন্ন হওয়ার পরেই তিনি পরবর্তী বিয়ে করেছেন বলে জানান। পাশাপাশি, স্বামী আদালতে যে নথিগুলি জমা দিয়েছেন, সেগুলি জাল বলেও অভিযোগ করেন তিনি।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট জানায়, মহিলার অভিযোগের সপক্ষে যথেষ্ট অকাট্য প্রমাণ নেই। ফৌজদারি মামলা চালানোর জন্য প্রয়োজনীয় প্রমাণও পাওয়া যায়নি। আদালতের পর্যবেক্ষণ, চার্জশিট জমা পড়লেই কোনও অপরাধ প্রমাণিত হয়ে যায় না। এই প্রেক্ষিতে হাইকোর্ট রাজনৈতিক নেতার আবেদন গ্রহণ করে এবং স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ চালানোর দাবি খারিজ করে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *