বিচারাধীন মামলার অজুহাতে সম্পত্তি আটকে রাখা যায় না, বড় রায় সুপ্রিম কোর্টের
বিচারাধীন মামলার অজুহাতে অনির্দিষ্টকালের জন্য কোনো সম্পত্তি নিজেদের হেফাজতে আটকে রাখা যায় না বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, আর মহাদেবন এবং অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তি ধরে রাখার পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কি না, তা আদালতগুলিকে স্বাধীনভাবে খতিয়ে দেখতে হবে। পুলিশ বা আদালতের হেফাজতে থাকা কোনো সম্পত্তি প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে রাখা উচিত নয় বলেও শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে।
ঘটনার সূত্রপাত ২০১২ সালে, যখন মহারাষ্ট্রের জলগাঁওয়ের এক ব্যক্তি মোহাম্মদ জামাল মহাম্মদ ইউনুসের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি একটি হত্যাচেষ্টার মামলায় বাজেয়াপ্ত করা হয়। ২০১৩ সালে সেশন আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে খালাস দিলেও, আপিল বিচারাধীন থাকার অজুহাতে রিভলভারটি ফেরত দিতে অস্বীকার করা হয়। দীর্ঘ সময় ধরে অস্ত্রটি আটকে থাকায় আবেদনকারীর জীবিকা ও পরিবারের ভরণপোষণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিম্ন আদালত বা হাইকোর্ট কেউই আবেদনকারীর বিষয়টি আইনি যোগ্যতার ভিত্তিতে বিচার করেনি। ফৌজদারি কার্যবিধির ৪৫২ ধারা অনুযায়ী, বিচার শেষ হওয়ার পর সম্পত্তি নিষ্পত্তির বিষয়ে উপযুক্ত আদেশ দেওয়ার ক্ষমতা আদালতের রয়েছে। আবেদনকারী খালাস পাওয়ায় এবং অস্ত্রটি ধরে রাখার কোনো আইনি কারণ না থাকায়, আদালত মহারাষ্ট্র সরকারকে আগামী আট সপ্তাহের মধ্যে রিভলভারটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।