শান্তিপুরে বামাকালীর বিসর্জন নৃত্যে বিপত্তি, ভেঙে গেল ঐতিহ্যবাহী সাং
শান্তিপুরে বামাকালীর ঐতিহ্যবাহী বিসর্জন নৃত্য ঘিরে এবার বিপত্তি ঘটল। প্রতি বছর বড়বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্ধকার করে পূর্বমুখী করে দেবীকে প্রায় সাত-আট মিনিট নাচ করানো হয়। কিন্তু এবার প্রশাসনের নির্দেশ ও নজরদারিতে আলো জ্বালিয়ে এবং উল্টো দিকে মুখ করে নাচ শুরু করা হয়। এই রদবদলের ফলে নাচ শুরুর এক মিনিটের মধ্যেই বাঁশের সাং ভেঙে মচকে যায়।
ঐতিহ্যবাহী নাচের এই ছন্দপতনের কারণে দীর্ঘক্ষণের পরিবর্তে মাত্র দেড়-দু মিনিটের মধ্যেই বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয় বামাকালীকে। এই ঘটনায় পুজো কমিটির উদ্যোক্তারা ভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন। আয়োজকদের মতে, চিরাচরিত রীতির পরিবর্তনই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মূল কারণ।
এদিন পুজো প্রাঙ্গণে প্রায় এক লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাপিয়ে যায়। ভিড় সামলাতে প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, চলতি বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগামী বছর থেকে পুনরায় পুরনো রীতিনীতি মেনেই পুজো ও বিসর্জন নৃত্য সম্পন্ন হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।