অনুমতি না পাওয়া মানেই অনুমোদন নয়, বুকস্টল ভাঙার মামলায় APDR-এর আবেদন খারিজ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টে একটি অস্থায়ী বইয়ের স্টল ভাঙার ঘটনায় দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিল আদালত। এপিডিআর (APDR) সংগঠনের তরফে জানানো হয়, একটি অস্থায়ী স্টল তৈরির জন্য তারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। সেই আবেদনের কোনো উত্তর না মেলায় তারা স্টলটি তৈরি করে। অভিযোগ, স্টল তৈরির দু’দিন পরেই তা ভেঙে ফেলা হয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে সংগঠনটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।
বিচারপতি ঋষাদ মেদোরার পর্যবেক্ষণ, কর্তৃপক্ষের কাছে আবেদন করলেই তার উত্তর না পাওয়া মানেই অনুমতি পাওয়া নয়। কর্তৃপক্ষের নীরবতাকে অনুমোদন হিসেবে ধরে নিয়ে কোনো নির্মাণ কাজ করা যায় না। আদালত স্পষ্ট জানিয়েছে, অনুমতি ছাড়া স্টল তৈরি করার ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টের রিট এক্তিয়ারে আসার কোনো ভিত্তি নেই। আবেদনকারীর এমন কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে আদালত মনে করছে না, যার ভিত্তিতে এই পিটিশন গ্রহণ করা যায়।
অন্যদিকে, রাজ্যের তরফে সওয়াল করা হয় যে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যখন স্টলটি তৈরি করা হয়েছিল, তখন তা ভাঙার অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো নির্দেশ দেওয়ার যুক্তি নেই। তবে আদালত জানিয়েছে, স্টল ভাঙার ঘটনায় অন্য কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আবেদনকারীর সামনে খোলা রয়েছে। শেষ পর্যন্ত আদালত এপিডিআর-এর দায়ের করা রিট পিটিশনটি খারিজ করে দেয়। এই মামলায় কোনো পক্ষের উপরেই খরচের দায় চাপানো হয়নি।