শীতের দুপুরে পাতে থাকুক দক্ষিণী স্বাদের চিকেন ভর্তা

চিকেন প্রেমীদের জন্য সাধারণ মাংসের ঝোল বা কষার বাইরে নতুন স্বাদের খোঁজ মিললে মন্দ হয় না। শীতের আমেজে দুপুরের খাবারে ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন দক্ষিণী স্টাইলের সুস্বাদু চিকেন ভর্তা। এই পদটি তৈরি করা যেমন সহজ, তেমনই এর স্বাদও বেশ অনন্য।

এই রেসিপি তৈরির জন্য প্রয়োজন ৩০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, আদা-রসুন বাটা, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, তেঁতুলের কাথ, কারিপাতা, তেজপাতা, ধনেপাতা কুচি, ঘি ও সাদা তেল। প্রথমে আদা-রসুন বাটা, নুন ও গোলমরিচ দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ মাংস ভালো করে থেঁতো করে আলাদা করে রাখুন।

কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে তাতে জিরে, তেজপাতা, কারিপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর থেঁতো করা মাংস, কাঁচালঙ্কা ও গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে তাতে তেঁতুলের কাথ, ধনেপাতা কুচি, নুন ও সামান্য চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই মুখরোচক চিকেন ভর্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *