ভাইফোঁটার পর রাজ্যে নামবে তাপমাত্রা, ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের

ভাইফোঁটার পর থেকেই রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির দাপট কমতেই রাজ্যে শীতের আমেজ শুরু হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী দু’দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে জাঁকিয়ে শীতের জন্য রাজ্যবাসীকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাপমাত্রা কমলেও এখনই শীতের পূর্ণ আমেজ পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্রে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন পথে এগোবে বা বাংলায় এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *