নেপালে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ প্রতিবেশী দেশগুলি
ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। কম্পনের জেরে ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চিনের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত ১২ নভেম্বর ভোরেও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ প্রায় ২৯ সেকেন্ড স্থায়ী সেই কম্পনের উৎসস্থলও ছিল নেপাল। পরপর ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, মাস দুয়েক আগে নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিল বিশ্ব। হড়পা বান ও ভূমিধসে সেখানে ১৪৫৫ জনের মৃত্যু হয়েছিল এবং নিখোঁজ হয়েছিলেন ৫ হাজারের বেশি মানুষ। ত্রিশূলী ও ভোটকোসি নদীর তাণ্ডবে বহু বাড়ি, অফিস ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বাড়ছে ওই অঞ্চলে।