নদিয়ায় প্রতিমা নিরঞ্জনের পথে ভয়াবহ দুর্ঘটনা, জেনারেটরে চুল জড়িয়ে গুরুতর আহত তরুণী

নদিয়ার শান্তিপুরে কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ফুলিয়া বিনপাড়া বারোয়ারির শ্যামা মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য বয়রা গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় শোভাযাত্রার সঙ্গে থাকা জেনারেটরবাহী গাড়িতে বসেছিলেন সোমা বিন নামে বছর পঁচিশের এক তরুণী। আচমকাই তাঁর খোলা চুল জেনারেটরের যন্ত্রাংশে জড়িয়ে যায়, যার ফলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে রানাঘাটে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। জেনারেটরের পাশে বসে থাকা অবস্থায় অসাবধানতাবশত এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *