সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে কড়া আক্রমণ বিজেপির
সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে উল্লেখিত বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিজেপির শীর্ষ মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেন, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করা কোনো ঐতিহাসিক ত্যাগ ছিল না। বরং সেই পদ ছেড়ে তিনি ‘সুপার পিএম’ হিসেবে ক্ষমতা ভোগ করেছিলেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা।
সুধাংশু ত্রিবেদীর দাবি, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সোনিয়া গান্ধী ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির (এনএসি) চেয়ারপার্সন হিসেবে ক্যাবিনেট পদমর্যাদা গ্রহণ করেছিলেন, যা লাভজনক পদের অন্তর্ভুক্ত। এই নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে মনমোহন সিং সরকার আইন পরিবর্তন করে এনএসি প্রধানের পদটিকে লাভজনক পদের আওতামুক্ত করলে তিনি পুনরায় সেই পদে ফিরে আসেন বলে বিজেপি অভিযোগ করেছে।
এছাড়া জরুরি অবস্থা নিয়ে সোনিয়া গান্ধীর মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন বিজেপি মুখপাত্র। তিনি দাবি করেন, রাজীব গান্ধী বিভিন্ন সময়ে প্রকাশ্যে জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন। পাশাপাশি, সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে সোনিয়া গান্ধীর বর্ণনার সমালোচনা করে সুধাংশু ত্রিবেদী বলেন, এই আত্মজীবনীতে জরুরি অবস্থার চেয়ে দুই জায়ের মধ্যকার ব্যক্তিগত শত্রুতার গল্পই বেশি প্রাধান্য পেয়েছে।