পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিব্রান রাকাবুমিং রাকা
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিব্রান রাকাবুমিং রাকা আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার জাকার্তার পার্লামেন্ট ভবনে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির শীর্ষ নেতৃত্বের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। ৩৯ বছর বয়সী জিব্রান পদত্যাগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পরই তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
এই পদত্যাগের নেপথ্যে রয়েছে জিব্রানের শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে তৈরি হওয়া আইনি বিতর্ক। সম্প্রতি ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তার জমা দেওয়া উচ্চমাধ্যমিকের নথিকে অবৈধ বলে ঘোষণা করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশে পড়াশোনা সংক্রান্ত ওই নথিপত্র নির্বাচনী বিধি অনুযায়ী যথাযথ ছিল না। এই রায়ের পর থেকেই তার ইমপিচমেন্টের দাবি জোরালো হয়ে ওঠে এবং ১২০ জন আইনপ্রণেতা তার অপসারণ চেয়ে পিটিশন জমা দেন।
প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো তাকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও, বিতর্ক এড়াতে জিব্রান পদত্যাগকেই বেছে নিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে জিব্রানের এই পদত্যাগের ফলে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।