এসএসসি গ্রুপ ডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে তাঁকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে তিনি আদালত চত্বরে উপস্থিত হলেও শারীরিক অসুস্থতার কারণে দোতলায় অবস্থিত প্রধান এজলাসে হেঁটে উঠতে পারেননি।

প্রাক্তন মন্ত্রীর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি মেডিক্যাল রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর আদালত তা গ্রহণ করে। এরপর পার্থ চট্টোপাধ্যায় আদালতের একতলা থেকেই ভার্চুয়ালি বিচারপতির মুখোমুখি হয়ে শুনানিতে অংশ নেন।

দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে জামিন মঞ্জুর করার পাশাপাশি আদালতের পক্ষ থেকে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সাত হাজার টাকার বন্ডে তাঁকে এই জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *