ধনতেরাসে রেকর্ড ব্যবসা, দেশে ৭২ হাজার কোটির সোনা কিনলেন ক্রেতারা
উৎসবের মরশুমে দেশজুড়ে সোনা ও রুপোর কেনাকাটায় নজিরবিহীন সাড়া মিলল। ধনতেরাস উপলক্ষে ভারতীয় ক্রেতারা মোট ৭২ হাজার কোটি টাকা মূল্যের ৫২ টন সোনা এবং ৫ হাজার ৪০০ কোটি টাকা মূল্যের ৩০০ টন রুপো কিনেছেন। স্বর্ণ ব্যবসায়ীদের মতে, চলতি বছর বাজারে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে, যা বিক্রির পরিমাণকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের একাংশের মতে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৮ লক্ষ টাকা থেকে কমে ১.৪২ লক্ষ টাকায় নেমে আসায় ক্রেতাদের মধ্যে কেনাকাটার আগ্রহ বৃদ্ধি পায়। এর পাশাপাশি সামনেই শুরু হতে চলা বিয়ের মরসুমের জন্য অনেকেই আগেভাগে গহনা ও সোনা কিনে রেখেছেন, যা সামগ্রিক বিক্রির পালে বাড়তি হাওয়া জুগিয়েছে।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা আইবিজেএ-র জাতীয় সচিব সুরেন্দ্র মেহতা জানিয়েছেন, এই বছর গহনা ব্যবসায়ীরা দারুণ ব্যবসা করেছেন। উৎসবের মরশুমে সমস্ত বাধা কাটিয়ে বাজারে যে পরিমাণ লেনদেন হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে ধনতেরাসের এই কেনাকাটা দেশের স্বর্ণ বাজারে এক নতুন রেকর্ড তৈরি করেছে।