সৌদি আরবে মৃত্যুদণ্ডের হাত থেকে মুক্তি পেলেন শ্রীলঙ্কান শ্রমিক
কথিত ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া ও জরিমানা থেকে মুক্তি পাওয়ার পর ওই শ্রমিককে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরতে পারবেন।
ঘটনার সূত্রপাত হয় গত জুন মাসে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়। এরপর এক হিন্দু দেবতাকে নিয়ে করা মন্তব্যের জেরে ওই শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও তিনি পোস্টটি মুছে ফেলে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেছিলেন, তবুও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং আল-আহসা ফৌজদারি আদালত প্রাথমিকভাবে তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনে আপিল আদালত সেই সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেয়।
শ্রীলঙ্কার কর্মকর্তাদের কূটনৈতিক প্রচেষ্টা এবং সৌদি আরব সরকার ও আদালতের সহযোগিতায় গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়। এরপর বাকি আইনি জটিলতা নিরসনের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা হয়েছে। এই সাফল্যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট আইনি দলের ভূমিকার প্রশংসা করা হয়েছে। ওই শ্রমিকের পরিবারও তার মুক্তি নিশ্চিত করতে সাহায্যকারী সকল পক্ষকে ধন্যবাদ জানিয়েছে।