জমি দুর্নীতি মামলা: সুমিত রায়ের জামিনের আর্জি খারিজ, ১৯ নভেম্বর পরবর্তী শুনানি
জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তবে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় রাজ্য সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়। এর ফলে সুমিত রায়কে আপাতত কোনো অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়নি আদালত। তবে আদালত মৌখিকভাবে জানিয়েছে, পুলিশ যদি নতুন করে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তবে আবেদনকারী পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
সুমিত রায়ের আইনজীবীরা আদালতে অভিযোগ করেছিলেন যে, একটি মামলায় হেফাজতে নেওয়ার পর সুকৌশলে তাঁকে অন্যান্য মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশের এই পদক্ষেপের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি, সুমিত রায়ের জামিনের আবেদনটি বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চে শুনানির পর নিয়মিত বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, শালবনির জমি বিক্রি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি রয়েছেন সুমিত রায়। এর আগে তাঁর স্ত্রী কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ডায়মন্ড হারবারের একটি ঘটনায় ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে জড়ানো হচ্ছে। পুলিশের হেফাজতে থাকাকালীন এনকাউন্টারের আশঙ্কার কথা জানিয়ে তিনি স্বামীর কড়া নিরাপত্তার আর্জিও জানিয়েছিলেন। এই হাইভোল্টেজ মামলার পরবর্তী রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।