গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলা: আলিপুর আদালতে ভার্চুয়াল শুনানিতে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালতে পৌঁছানোর পর তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আইনজীবীরা আদালতের কাছে মেডিক্যাল রিপোর্ট জমা দেন। আইনজীবীদের দাবি, পার্থবাবু গুরুতর অসুস্থ এবং তাঁর একাধিক কোমরবিডিটি রয়েছে। এছাড়া আদালত কক্ষ দোতলায় অবস্থিত হওয়ায় এবং ভবনে লিফটের ব্যবস্থা না থাকায় সিঁড়ি বেয়ে ওঠা তাঁর পক্ষে অসম্ভব ছিল।

পরিস্থিতি বিবেচনা করে বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের বাইরে গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার বিশেষ অনুমতি দেন। ভার্চুয়াল শুনানিতে আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন জানান। আদালত সমস্ত দিক খতিয়ে দেখে ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে। জামিন পেলেও তাঁকে বেশ কিছু কঠোর শর্ত মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিৎসা সংক্রান্ত জরুরি কারণ ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং অবিলম্বে পাসপোর্ট জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরেও যেতে পারবেন না। এছাড়া মামলার চার্জ গঠনের দিন তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করা এবং কোনো সাক্ষীকে ভয় না দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না হওয়ার শর্তেও তাঁকে জামিন দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *