অনুপম খেরের চার দশকের অভিনয় সফর নিয়ে আবেগপ্রবণ মহেশ ভাট

১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ ছবির হাত ধরে হিন্দি সিনেমায় পা রেখেছিলেন অনুপম খের। দীর্ঘ চার দশকের অভিনয় জীবন পেরিয়ে আজ তিনি ‘রামায়ণ’-এর ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করছেন। এই দীর্ঘ পথচলা নিয়ে অনুপমকে একটি বিশেষ চিঠি লিখেছেন পরিচালক মহেশ ভাট। চিঠিতে তিনি অনুপমের ক্রমাগত এগিয়ে চলা এবং ব্যক্তিত্বের পরিবর্তনের প্রশংসা করেছেন। সুইডেনে দেখা হওয়ার স্মৃতিচারণ করে মহেশ উল্লেখ করেছেন, অনুপমকে আগে কখনও এতটা আত্মবিশ্বাসী এবং নিজের মধ্যে স্বচ্ছন্দ দেখা যায়নি।

স্মৃতির পাতা উল্টে মহেশ মুম্বইয়ের পালি হিলে তাঁদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেছেন। তখন অনুপমের বয়স ছিল ২৮ এবং মহেশের ৩৪ বছর। সেই সাধারণ কথোপকথন যে দীর্ঘ পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, তা তাঁরা কল্পনাও করেননি। মহেশের মতে, অনুপমের এই পরিশ্রম ও সাফল্যের গল্প দেশের ছোট শহরের তরুণদের মুম্বইয়ে এসে স্বপ্ন পূরণের সাহস জোগাবে।

পরিচালকের এই প্রশংসাপত্র পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুপম খের। সোশ্যাল মিডিয়ায় চিঠিটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ৪২ বছরের অভিনয় জীবনে এর চেয়ে সুন্দর স্বীকৃতি আর হতে পারে না। মহেশ ভাটকে কেবল প্রথম ছবির পরিচালক নয়, বরং নিজের মেন্টর, বন্ধু ও শিক্ষক হিসেবেই দেখেন অনুপম। পরিচালকের এই ভালোবাসা ও বিশ্বাস তাঁকে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *