ডুয়ার্সে এক রাতে তিনজনের মৃত্যু, লাটাগুড়িতে খুনের অভিযোগে ধৃত তিন
বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লাটাগুড়ি রেলওয়ে ওভারব্রিজের কাছে বিচাভাঙা জঙ্গলের ধারে রাজকুমার রায় নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পেশায় মুরগি ব্যবসায়ী ওই যুবকের দেহের পাশে বাইক পড়ে থাকায় প্রথমে পথ দুর্ঘটনার আশঙ্কা করা হয়েছিল। তবে দেহের ক্ষতচিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। তদন্তে নেমে পুলিশ খুনের প্রমাণ পায় এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে ঘটনাস্থলে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে।
অন্যদিকে, মেটেলিতে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। বুধনি ওরাওঁ নামে এক মহিলা রিসর্টে কাজ শেষে স্বামীর সঙ্গে স্কুটিতে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দ্রুতগতির বাইক তাঁদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ইংডং চা বাগানের বাসিন্দা রাজু ওরাওঁ ও তাঁর স্ত্রী বুধনি ওরাওঁয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাইক চালকও গুরুতর আহত হয়েছেন এবং তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরপর এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে বুধবার রাতেও মালবাজারে পথ দুর্ঘটনায় ১৭ বছরের এক তরুণের মৃত্যু হয়েছিল। মাল মহকুমার এসডিপিও সুদীপ্ত সরকার জানিয়েছেন, একের পর এক দুর্ঘটনার জেরে প্রশাসন এখন রাস্তায় বাড়তি নজরদারি চালাচ্ছে।