মণিপুরের উখরুলে সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে নিহত ৪, এলাকায় তীব্র উত্তেজনা

মণিপুরের উখরুল জেলায় ২০২ নম্বর জাতীয় সড়কের ওপর নিউ হেভেন গ্রামের কাছে এক ভয়াবহ সশস্ত্র হামলায় চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা দুটি আলাদা গাড়িতে করে ইম্ফলের দিকে যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শাংশাক গ্রামের বাসিন্দা কাপাংখুই আরএস, হাওলেইলা আরএস এবং তাশার গ্রামের বাসিন্দা অগাস্ট নালুং ও খানমিলা কেইশিং রয়েছেন।

প্রাথমিক তদন্তে এই হামলার পেছনে কুকি জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, যদিও কোনো সংগঠনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর মৃতদেহগুলি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় যৌথ বাহিনীর পক্ষ থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার সেনাপতি জেলায় ধানক্ষেতে কাজ করার সময় এক মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরও দু’জন আহত হন। একই সময়ে উখরুলে পৃথক একটি ঘটনায় নাগা সম্প্রদায়ের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। একের পর এক রক্তক্ষয়ী ঘটনায় মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তি প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *