প্যান বা ভোটার কার্ড থাকলেই মিলবে না নাগরিকত্ব, গুয়াহাটি হাইকোর্টের বড় রায়
প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিকত্বের দাবি প্রমাণ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানাল গুয়াহাটি হাইকোর্ট। দরং জেলার বাসিন্দা কুলছান বেগমের দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ২০১৮ সালে মঙ্গলদৈয়ের ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে বিদেশি বলে ঘোষণা করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আয়কর দফতর বা নির্বাচন কমিশন সাধারণত নাগরিকত্বের পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করেই আবেদনের ভিত্তিতে প্যান কার্ড বা ভোটার কার্ড ইস্যু করে থাকে। তাই এই নথিগুলি নাগরিকত্বের অকাট্য প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না। আবেদনকারী তাঁর বাবার ভোটার কার্ড ও প্যান কার্ড জমা দিলেও, সেই নথি তৈরির মূল রেকর্ডের সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আদালত জানিয়েছে, বাবার জনপ্রতিনিধি হওয়ার তথ্যও আবেদনকারীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের আইনি বৈধতা প্রমাণ করে না।
মামলার শুনানিতে আদালত আবেদনকারীর পেশ করা পারিবারিক ইতিহাসে বেশ কিছু অসঙ্গতি এবং ভোটার তালিকায় বয়সের গরমিল খুঁজে পেয়েছে। ১৯৭০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অসমে বসবাসের সপক্ষে কোনো জোরালো প্রমাণ তিনি দাখিল করতে পারেননি। এছাড়া এনআরসি আবেদনের রসিদকেও আদালত প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করেনি। দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্ট ফরেনার্স ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছে এবং আবেদনকারীকে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহার করে নিয়েছে।