রামলীলা ময়দানে সভা-বিক্ষোভে কড়া নিয়ম, নতুন নির্দেশিকা আনছে দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের পক্ষ থেকে রামলীলা ময়দানে যেকোনো ধরনের সভা বা বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হয়েছে। এই খসড়া নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ময়দানে কোনো কর্মসূচি পালন করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, আয়োজকদের প্রথমে দিল্লি পুরনিগমের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং এরপর দিল্লি পুলিশের কাছে আবেদন জমা দিতে হবে। সাধারণত যেকোনো অনুষ্ঠানের অন্তত ১০ দিন আগে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রস্তাবিত নির্দেশিকায় ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং নাগরিক সুযোগ-সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের জনসমাগম সামলানোর পরিকল্পনা, পার্কিং ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনার একটি স্পষ্ট রূপরেখা জমা দিতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে রাস্তা বা জরুরি পরিষেবার পথ যাতে কোনোভাবেই অবরুদ্ধ না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে আয়োজকদের ওপরই। এছাড়া, ময়দানের ভেতরে আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা বা কোনো ধারাল অস্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলোকেও এই এসওপি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পানীয় জল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং শৌচাগারের বন্দোবস্ত করার দায়িত্ব আয়োজকদের নিতে হবে। অনুষ্ঠান শেষে ময়দান পরিষ্কার ও বর্জ্য অপসারণের বিষয়টিও তাদের নিশ্চিত করতে হবে। এছাড়া ময়দানের আশপাশে ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে খসড়া স্তরে থাকা এই নির্দেশিকা অনুমোদনের জন্য দিল্লি পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিলমোহর পড়লেই তা কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *