বিদেশি চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণা, ফ্ল্যাট কেনার নামে জালিয়াতি ব্যবসায়ীর

উত্তরপ্রদেশের নোডায় এক প্রবাসী চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। উজবেকিস্তানে কর্মরত ডা. জয়বীর সিংয়ের সঙ্গে রমেশ নামে এক ব্যবসায়ীর পরিচয় হয়। দুজনে মিলে মেডিক্যাল যন্ত্রাংশ আমদানির ব্যবসা শুরু করেন। ব্যবসার সুবাদে রমেশ ওই চিকিৎসককে নোডার সেক্টর-১০৭-এর একটি সোসাইটিতে দুটি ফ্ল্যাট কেনার প্রস্তাব দেন। অভিযোগ, ফ্ল্যাট বুকিংয়ের নামে জয়বীরের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন ওই ব্যবসায়ী।

প্রতারণার ফাঁদ এতটাই সুনিপুণ ছিল যে, চিকিৎসককে ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়া হয়। জয়বীর সেখানে নিজের পছন্দমতো ইন্টিরিয়র ও ফার্নিচারের কাজ করান এবং ধুমধাম করে গৃহপ্রবেশও সম্পন্ন করেন। ফ্ল্যাটের দরজায় নিজের নামাঙ্কিত নেমপ্লেটও লাগান তিনি। কিন্তু পরে জানা যায়, ফ্ল্যাট দুটি রমেশ নিজের স্ত্রীর নামে রেজিস্ট্রি করিয়েছেন এবং সেই সম্পত্তির ওপর ব্যাংক থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার ঋণ নিয়েছেন।

ব্যবসায়িক লেনদেনের সূত্রে রমেশকে ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার ধার দিয়েছিলেন জয়বীর। সেই টাকা ফেরত না পাওয়ায় উজবেকিস্তানের আদালতে মামলা করেন চিকিৎসক এবং রায় তাঁর পক্ষেই যায়। এরপরই ফ্ল্যাট জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। আদালতের নির্দেশে সেক্টর-৩৯ থানায় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত নথিপত্র ও আর্থিক লেনদেন খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *