বিদেশি চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণা, ফ্ল্যাট কেনার নামে জালিয়াতি ব্যবসায়ীর

উত্তরপ্রদেশের নোডায় এক প্রবাসী চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। উজবেকিস্তানে কর্মরত ডা. জয়বীর সিংয়ের সঙ্গে রমেশ নামে এক ব্যবসায়ীর পরিচয় হয়। দুজনে মিলে মেডিক্যাল যন্ত্রাংশ আমদানির ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসার সুবাদে রমেশ ওই চিকিৎসককে নোডার সেক্টর-১০৭-এর প্রতীক এডিফিস সোসাইটিতে দুটি ফ্ল্যাট কেনার প্রস্তাব দেন। অভিযোগ, ফ্ল্যাট বুকিংয়ের নামে জয়বীরের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন ওই ব্যবসায়ী।

প্রতারণার ফাঁদ এতটাই সুনিপুণ ছিল যে, চিকিৎসককে ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়া হয়। জয়বীর সেখানে নিজের পছন্দমতো ইন্টিরিয়র ও ফার্নিচারের কাজ করান এবং ধুমধাম করে গৃহপ্রবেশও সম্পন্ন করেন। এমনকি ফ্ল্যাটের দরজায় নিজের নামাঙ্কিত নেমপ্লেটও লাগিয়েছিলেন তিনি। কিন্তু পরে জানা যায়, ফ্ল্যাট দুটি রমেশ নিজের স্ত্রী গীতার নামে রেজিস্ট্রি করিয়েছেন এবং সেই সম্পত্তির ওপর ব্যাংক থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার ঋণ নিয়েছেন।

ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও রমেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। জয়বীর তাঁকে ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার ধার দিয়েছিলেন, যা ফেরত না পাওয়ায় উজবেকিস্তানের তাশখন্দ আদালতে মামলা হয়। আদালতের রায়ে জয়বীর জয়ী হলেও রমেশের প্রতারণা প্রকাশ্যে আসে। এরপরই চিকিৎসক আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে সেক্টর-৩৯ থানায় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *