রাজ্যের শিক্ষক বদলি নীতিতে বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দফতর
রাজ্যের শিক্ষক বদলি প্রক্রিয়ায় বড়সড় রদবদল আনতে চলেছে শিক্ষা দফতর। ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ড এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত গ্রাম ও শহরের স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা এবং পড়ুয়াদের অনুপাতের ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
নতুন এই প্রক্রিয়ায় যে স্কুলগুলিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন অথবা যেখানে মাত্র একজন শিক্ষক দিয়ে পঠনপাঠন চলছে, সেই বিষয়গুলিকে বদলির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ সংক্রান্ত নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরির কাজও শুরু হয়েছে। বদলি প্রক্রিয়াকে আরও সুসংহত ও দ্রুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বদলির অনুমোদনের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে সরাসরি শিক্ষা দফতরকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে বদলির ক্ষেত্রে ‘লক-ইন পিরিয়ড’ কতদিন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। নতুন নির্দেশিকা নিয়ে আইনি পরামর্শ নেওয়ার পর চলতি বছরের মধ্যেই এই নতুন বিধি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তনের ফলে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।