ভোটকেন্দ্রে সাংবাদিক সেজে ঢুকছে কর্মী! শুভেন্দুর অভিযোগে তোলপাড় রাজ্য।
ভুয়ো প্রেস কার্ড ব্যবহার করে ভোট প্রভাবিত করার অভিযোগ, নির্বাচন কমিশনের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
রাজ্য রাজনীতিতে ভোটের উত্তাপের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আইপ্যাকের সহযোগিতায় তৃণমূল কর্মীরা ভুয়ো প্রেস আইডি কার্ড ব্যবহার করে ভোটকেন্দ্র ও সংবেদনশীল প্রশাসনিক এলাকায় অবাধে যাতায়াত করছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে তিনি সরব হয়েছেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, সাংবাদিকের ছদ্মবেশে থাকা এই ব্যক্তিরা ভোটগ্রহণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ, ভোটারদের প্রভাবিত করা এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের কাছে গত কয়েক মাসে ইস্যু করা সমস্ত নতুন প্রেস কার্ড কঠোরভাবে যাচাইয়ের আবেদন জানিয়েছেন। একইসঙ্গে, শুধুমাত্র স্বীকৃত সংবাদমাধ্যমের সাংবাদিকদেরই ভোটকেন্দ্রের নিরাপত্তা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।