ছটপুজোর চাঁদা নিয়ে বিবাদ, দুর্গাপুরে মারধর ও ভাঙচুরের ঘটনায় ধৃত ৩
দুর্গাপুরের ওয়ারিয়া এলাকায় ছটপুজোর কুপন বিলি ও চাঁদা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ছটঘাটে কমিটির সদস্যরা প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করেন। মণীশ মোদি নামে এক ব্যক্তি ৩০০ টাকা দিতে চাইলে কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই মণীশ ও তাঁর তিন ভাইয়ের ওপর চড়াও হন কমিটির সদস্যরা এবং তাঁদের মারধর করা হয়।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন একটি দোকানে ঢুকে ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে। সংঘর্ষে কমিটির সদস্য সূরজ বরনওয়ালের মাথায় আঘাত লাগলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এ বছর ছটপুজোর নামে আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলোর ওপর চাঁদা দেওয়ার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা আগে কখনও হয়নি।
ঘটনার খবর পেয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জোর করে চাঁদা আদায় এবং মারধরের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কমিটির সদস্য দিনেশ বরনওয়াল অবশ্য দাবি করেছেন, চাঁদা দেওয়া নিয়ে বচসা থেকেই এই ঘটনার সূত্রপাত এবং বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।