কুকুর কামড়ালে প্রাথমিক চিকিৎসা ও করণীয়: জেনে নিন জরুরি পদক্ষেপ
কুকুরের কামড় থেকে জলাতঙ্ক বা র্যাবিসের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি থাকে। তাই এমন ঘটনা ঘটলে প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুকুর কামড়ানোর পর যত দ্রুত সম্ভব ক্ষতস্থান পরিষ্কার জল এবং সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ধরে ধুতে হবে। ক্ষতস্থানের ভিতরে থাকা লালা ও জীবাণু দূর করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। সাবান না থাকলে শুধুমাত্র পরিষ্কার জল ব্যবহার করেও ক্ষতস্থান ধুয়ে নেওয়া যেতে পারে।
কামড়ের জায়গা থেকে রক্ত বেরোলে পরিষ্কার গজ বা কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করুন। তবে ক্ষতস্থানে অতিরিক্ত চাপ দেবেন না। ক্ষতস্থানে হলুদ, চুন বা অন্য কোনো ঘরোয়া উপাদান লাগানো থেকে বিরত থাকুন এবং নিজে থেকে সেলাই করার চেষ্টা করবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। মুখ, মাথা, ঘাড়, হাত বা আঙুলে কামড়, গভীর ক্ষত বা অতিরিক্ত রক্তপাতের ক্ষেত্রে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।
ক্ষত ছোট হলেও বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। কুকুরটি পোষ্য না রাস্তার এবং তার টিকা দেওয়া আছে কি না, সেই তথ্য চিকিৎসককে জানান। তবে কুকুরের টিকা দেওয়া থাকলেও নিজের থেকে নিশ্চিন্ত হওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী র্যাবিসের টিকা এবং প্রয়োজন হলে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। এছাড়া টিটেনাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুস্টার ডোজের বিষয়টিও নিশ্চিত করতে হবে। সময়মতো সঠিক চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে জলাতঙ্কের মতো প্রাণঘাতী বিপদ এড়ানো সম্ভব।